রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের সাথে চন্দ্রিমা থানা বিএনপি স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করে।
বিকেলে চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ শরীফ রুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে দলের মূল কর্মসূচিতে অংশগ্রহণ করে। মিছিলটি মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা থানা এলাকা থেকে শুরু হয়ে রেলগেট ও নিউমার্কেট হয়ে বাটার মোড়ে মূল কর্মসূচিতে যোগ দেয়। এরপর শোভাযাত্রা সহকারে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ রেজাউল করিম রঞ্জু, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ শরীফ রুমন, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের সভাপতি মনিরুজ্জামান ডাবলু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।














