নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ফার্মেসি অনুষদের শিক্ষক অসীম কুমার ঘোষ ও শিক্ষার্থী মেহরুন নাহার মীমকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী আইএইচটি প্রাঙ্গণে ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে আইএইচটির বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থী মেহরুন নাহার মীমকে নিয়ে ‘শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে শিক্ষক উধাও’ শিরোনামে একটি কাল্পনিক ও ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে। পাশাপাশি শিক্ষক অসীম কুমার ঘোষ ও শিক্ষার্থী মীমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে এ ধরনের সংবাদ বা অপপ্রচার ব্যক্তির সামাজিক মর্যাদা ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তারা।
একই সঙ্গে মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থী মেহরুন নাহার মীম বলেন, “আমার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। সেদিন পরীক্ষা শেষে আমি বাসায় চলে যাই। ওইদিন রাত ১১টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি আমার বাবাকে ফোন করে আমার খোঁজখবর জানতে চান। আমি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থাকায় আমার বাবা নিরাপত্তার কারণে আমার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেননি। পরে বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”
মীম আরও বলেন, “এ ধরনের অপপ্রচারের কারণে সমাজের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি ঘটনার সঠিক তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”
মীমের বাবা বলেন, ওইদিন তার মেয়ে বাসাতেই ছিলেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ফোন করে মীমের অবস্থান জানতে চাইলে তিনি নিরাপত্তার কারণে তাকে কলেজের হোস্টেলে থাকার কথা বলেন। পরে ওই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “এ ঘটনায় আমার ও আমার পরিবারের ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি ঘটনার সঠিক তদন্ত এবং এর বিচার চাই।”
মানববন্ধনে ফার্মেসি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ আইএইচটির বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।












