নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কর্মরত ঔষধ কোম্পানির তিন নারী প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে ফারিয়া (ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর ফারিয়ার যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ফোরামের প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন, ম্যানেজার ফোরামের সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ফারিয়া রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ফারিয়া রাজশাহী বিভাগীয় সভাপতি খাইরুল ইসলাম এবং রাজশাহী ফারিয়ার সাবেক উপদেষ্টা মো. হুমায়ুন কবীরসহ সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন সঞ্চালনা করেন ফারিয়ার উপদেষ্টা মো. আরিফুল ইসলাম মাসুম।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির তিন নারী প্রতিনিধিকে ‘দালাল’ আখ্যা দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তারা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। তারা অবিলম্বে তিন সহকর্মীর মুক্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, গ্রেপ্তার তিন সহকর্মীকে মুক্তি দেওয়া না হলে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাক্তার ভিজিট, ফার্মেসিতে ওষুধ সরবরাহসহ তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে ফারিয়ার নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বরাবর তিনজনের মুক্তির দাবিতে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসক তাদের মুক্তির জন্য আবেদন করার পরামর্শ দেন।
পরে জেলা প্রশাসকের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় গ্রেপ্তার তিন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে জামিন দেওয়া হয়।
















