পলাতক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিবাহ বাণিজ্য ও প্রতারণার অভিযোগ

রাজশাহী

নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে ঢাকায় আশ্রয় নেওয়া রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সুজনের বিরুদ্ধে প্রতারণা, বিয়েকে কেন্দ্র করে অর্থ লেনদেন এবং স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

আবুল বাশার সুজন তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তিনি রাজশাহীর সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান নেন সুজন। সেখান থেকেই তানোরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন তিনি। এরই মধ্যে ঢাকায় এক সংগীতশিল্পীর সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে ওই নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ২০ আগস্ট রাজধানীর বনশ্রী এলাকায় ওই নারীর বাসায় কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল বলে কাবিননামা সূত্রে জানা গেছে।

ওই নারীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক চলাকালে সুজন তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ নেন। পরবর্তী সময়ে নেওয়া অর্থের অধিকাংশ ফেরত দেওয়া হলেও তাঁদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা আলাদা থাকতে শুরু করেন।
বর্তমানে আলাদা থাকলেও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে দিয়ে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ওই নারী। সুজনের এটি তৃতীয় বিয়ে।

এর আগে রাজশাহীতে তাঁর মালিকানাধীন একটি আবাসিক হোটেলের এক হিন্দু নারী কর্মচারীকে বিয়ে করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে তাঁদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দিলে ওই সম্পর্কের অবসান ঘটানো নিয়ে জটিলতা তৈরি হয়।পরে বড় অংকের টাকার বিনিময়ে তা ধামাচাপা দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে খোঁজ খবর নিতে তার আবাসিক হোটেলে গেলে কেউ মুখ খোলেননি।

এদিকে এসব অভিযোগের বিষয়ে আবুল বাশার সুজনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *