নিজস্ব প্রতিনিধি : রাজশাহীতে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে মুক্তি পাওয়ায় নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা ও শাহ মখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হাসান। জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ তুলে নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহিদ হাসান বলেন, রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনাস্থলের পাশের সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসী সাইফুল আলম ড্যানিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে সম্প্রতি মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে বেরিয়ে তারা তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন জাহিদ হাসান।
তিনি বলেন, আসামিদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ওপর হামলার ঘটনা শুধু মাদকবিরোধী অবস্থানের কারণে নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও দলীয় নেতৃবৃন্দের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান জাহিদ হাসান।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন মথুরডাঙ্গা মিতালী ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাইফুল আলম ড্যানি, সজল, সাজু, মুন্না, সেলিম, সোহাগ ও ওয়াদুদসহ অজ্ঞাতপরিচয় কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ হাসানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় জাহিদ হাসানের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামি সাইফুল আলম ড্যানিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে এসআরবি-১ ও এসআরবি-৫-এর যৌথ অভিযানিক দল। এ ছাড়া এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে আটক করে পুলিশ।
