গুগল ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা চালু করতে যাচ্ছে, যা তাদের ফোনের ব্যাটারি ব্যবহারে সহায়তা করবে। এই নতুন উদ্যোগের মাধ্যমে যদি কোনো অ্যাপ স্বাভাবিকের তুলনায় বেশি ব্যাটারি ব্যবহার করে, তবে সেটির বিষয়ে প্লে স্টোরে একটি সতর্কতামূলক লেবেল দেখা যাবে। এতে ব্যবহারকারীরা সহজে বুঝতে পারবেন কোন অ্যাপটি বেশি ব্যাটারি খরচ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
নতুন এই ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন রয়েছে এবং ধাপে ধাপে চালু করা হবে। গুগলের মতে, অ্যাপের ব্যাকগ্রাউন্ড কার্যক্রমের পরিমাণ ও ‘ওয়েক লক’ প্রযুক্তির মাধ্যমে অ্যাপের ব্যাটারি ব্যবহারের পরিমাণ নির্ণয় করা হবে। ‘ওয়েক লক’ হলো এমন একটি প্রযুক্তি, যা অ্যাপের পটভূমিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার ক্ষমতা নির্ধারণ করে। যদি কোনো অ্যাপ নির্ধারিত সীমা অতিক্রম করে, তবে গুগল প্রথমে সংশ্লিষ্ট অ্যাপের নির্মাতাকে সতর্ক করবে এবং সময় দিয়ে সমস্যা সমাধানের সুযোগ দেবে। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে, সেই অ্যাপের জন্য সতর্কতামূলক লেবেল যোগ করা হবে এবং জনপ্রিয় অ্যাপের তালিকার শেষে দেখানো হবে।
তবে, সব অ্যাপের জন্য বেশি ব্যাটারি ব্যবহার সমস্যা নয়। কিছু অ্যাপের স্বাভাবিক কার্যক্রমের জন্য বেশি ব্যাকগ্রাউন্ড কার্যক্রম প্রয়োজন হয়, যেমন ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং অ্যাপ। এই ধরনের অ্যাপের ক্ষেত্রে অতিরিক্ত ব্যাটারি ব্যবহারের বিষয়টি আলাদা ভাবনায় নেওয়া হবে।
