বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে নতুন আশার কথা জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি জানিয়েছেন, **শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো দ্রুত জাতীয়করণের উদ্যোগ নেওয়া হবে।**
শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার হোমনা উপজেলার **দুলালপুর চন্দ্রমণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা** উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্য রয়েছে। এ বিষয়ে ২০২৫ সালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত একটি সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি হিসাব তুলে ধরেছিলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নতুন করে আরও একটি হিসাব দেওয়ার কথাও জানান তিনি।
তিনি বলেন, **২০২৫ সালের হিসাবে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে প্রায় ২০০ কোটি টাকা প্রয়োজন ছিল। বর্তমানে প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বাড়ায় প্রয়োজনীয় অর্থের পরিমাণ বেড়ে প্রায় ৭০০ কোটি টাকা হয়েছে।** এ বিষয়ে প্রস্তুত করা রিপোর্ট প্রধানমন্ত্রীকে দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় শিক্ষকদের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সম্পৃক্ত করার চেষ্টা থাকবে।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, **সরকার শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রত্যাশা পূরণ করবে—এমন আশা করছেন তারা।**














