রাজশাহী জেলার মোহনপুর থানার বেড়াবাড়ি গ্রামে দোকানে বাকির টাকা চাওয়ার অপরাধে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার (২২ মার্চ, ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে।
নিহত যুবকের নাম সাব্বির (২০)। সে মোহনপুর থানার বেড়াবাড়ি গ্রামের মৃত আলমগীরের ছেলে। অভিযুক্ত আসামি একই এলাকার মৌগাছি ৪ নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুলের ছেলে মন্জুর খান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির পেশায় একজন মুদি দোকানি ছিল। সে বেড়াবাড়ি দীঘির মোড়ে প্রতিদিনের মতো দোকান করছিল। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে মন্জুর খান সাব্বিরের দোকানে আসেন। এসময় সাব্বির মন্জুরের কাছে বকেয়া বাকির টাকা চাইলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মন্জুর খান দোকানে ভাংচুর চালান এবং এরপর সাব্বিরের বুকে ছুরি দিয়ে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে আশেপাশের লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই আসামি মন্জুর খান এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মোহনপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


















