প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে জাতীয় শিক্ষাক্রমে সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই উদ্যোগের আওতায় ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং সাঁতারকে পাঠ্যসূচিতে যুক্ত করা হবে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সারা দেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের ক্রীড়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ প্রেক্ষিতে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত সাতটি ক্রীড়া ইভেন্ট দ্রুত জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।



















